বিদেশ – নিয়মিত যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা জোরদার হয়েছে। হোয়াইট হাউসের দাবি, খুব শিগগিরিই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তাঁরা প্রায়ই ফোনে কথা বলেন।” তিনি আরও জানান, “দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যা দ্রুতই ইতিবাচক ফলাফল আনবে।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়ায় গিয়ে মোদির প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম সুদর্শন ও শক্তিশালী নেতা।” পাশাপাশি ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন, খুব শিগগিরিই ভারতের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে। এর আগে তিনি দাবি করেছিলেন, মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন ভারত রুশ তেল কেনা বন্ধ করবে।
তবে এই দাবি ভারত সরাসরি খারিজ করেছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প যেই ফোনকলের কথা উল্লেখ করেছেন, সেই ধরনের কোনও কথোপকথন ঘটেনি। যদিও দিওয়ালি উপলক্ষে ট্রাম্প মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন, তা মোদি নিজেই তাঁর এক্স (X) হ্যান্ডেলে উল্লেখ করেছেন। কিন্তু সেই ফোনালাপে রুশ তেল নিয়ে কোনও আলোচনা হয়নি।
এছাড়াও ট্রাম্পের দাবি, ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্যে তিনিই মুখ্য ভূমিকা নিয়েছেন — এই বক্তব্যও ভারত অস্বীকার করেছে। দিল্লির তরফে জানানো হয়েছে, ভারতের সার্বভৌম সিদ্ধান্তে অন্য কোনও দেশের হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।



















