রাজ্য – রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পুষ্টি কর্মসূচির আওতায় ডিম কেনার জন্য অতিরিক্ত আর্থিক বরাদ্দ দেওয়া হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মা ও শিশুদের জন্য সকালের জলখাবার এবং দুপুরের খাবারে ডিম সরবরাহের উদ্দেশ্যে মায়েদের ক্ষেত্রে প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা এবং শিশুদের ক্ষেত্রেও প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা রাজ্যের অর্থায়ন থেকে বরাদ্দ করা হবে। সরকারের দাবি, এই পদক্ষেপে অঙ্গনওয়াড়ি পরিষেবার মাধ্যমে পুষ্টি কর্মসূচি আরও শক্তিশালী হবে এবং মা ও শিশুদের পুষ্টির মান উন্নত করতে সহায়ক হবে।
মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ডিভিসি ও পাঞ্চেৎকে কেন্দ্র করে ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সংরক্ষণ প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি নতুন ইউনিট স্থাপনের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হবে, যার মাধ্যমে ভবিষ্যতে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়াও ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের আওতায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্যোগে সীমান্তবর্তী ৯টি জেলায় বিদ্যুৎ দফতরের অংশগ্রহণের কথাও ঘোষণা করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের মতে, সীমান্তবর্তী এলাকার পরিকাঠামো উন্নয়ন এবং পরিষেবা সম্প্রসারণে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে সুপারিশ ও প্রয়োজনীয় দিকগুলি পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে রাজ্যের উন্নয়ন, পরিকাঠামো ও জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে আরও একাধিক নতুন প্রকল্পের ঘোষণাও করা হয়েছে।



















