
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২৮ শে আগস্ট : আইসিডিএস সেন্টারে গরম খিচুড়ির কড়াই উল্টে গিয়ে গুরুতর জখম হলেন পাঁচজন। আহতদের মধ্যে দুই মহিলা ও তিন শিশু রয়েছে। গুরুতর জখম অবস্থায় সকলকেই স্থানীয় মটেরদীঘি ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার অন্তর্গত কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের ৭৬ নম্বর অঙ্গনওয়ারী কেন্দ্রে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে ঘটনাটি ঘটলো সে বিষয়ে ক্যানিং ২ ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের দাবী, ঐ অঙ্গনওয়ারী কেন্দ্রের হেল্পার কৃষ্ণা মণ্ডল মঙ্গলবার দুপুরে রান্নার পর গরম খিচুড়ির কড়াই উনুন থেকে নামাচ্ছিলেন। সেই সময় কোন কারণে হাত ফসকে যাওয়ায় খিচুড়ির কড়াই উল্টে যায়। গরম খিচুড়ি ছিটকে গিয়ে পড়ে অঙ্গনওয়ারী কেন্দ্রে থাকা দুই মহিলা ও তিন শিশুর উপর। তারা গুরুতর জখম হন। জখম হন কৃষ্ণা মণ্ডল ও। হাতে, পায়ে ফোসকা পড়ে যায় তাদের। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।



















