
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৩ এপ্রিল, দেগঙ্গা, উত্তর চব্বিশ পরগনা জেলার সবজি ভাণ্ডার বলে খ্যাত।দেগঙ্গার হাট থেকে কলকাতা, জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে সবজি যায়। আজ প্রশাসন অনির্দিষ্ট কালের জন্য হাট বন্ধের সিদ্ধান্ত নিল, ফলে দেগঙ্গার বিভিন্ন প্রান্তের চাষির সবজি কোথায় বিক্রি হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল। অন্যদিকে কিভাবে কলকাতা ছাড়া বিভিন্ন জেলায় সবজি পৌঁছাবে তা বেশ চিন্তার বিষয়।

লকডাউনে বারংবার অভিযোগ উঠছিল, দেগঙ্গার এই হাটগুলোতে চাষি ও ফড়ে ব্যবসায়ীদের জমায়েত হয়, আর তারফলে করোনা সংক্রমণের আশঙ্কা থেকে যায়। বাজারগুলি নিয়ন্ত্রণে না আসার ফলে শেষে বারাসত টাকি রাস্তার দেগঙ্গায় বাঁশ দিয়ে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হল হাটের প্রবেশ মুখ। দেগঙ্গার বেড়াচাঁপা নিত্য সবজি হাট, বেলিয়াঘাটা ও দেগঙ্গা বাজার এই তিনটি হাট বন্ধ হয়ে যাওয়ায় চাষির ফসল কোথায় বেচবে তা নিয়ে সংশয়ে দেগঙ্গার হাজার হাজার চাষি।


















