রাজ্য – বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিচালকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজের শোকবার্তা জানান তিনি। একইসঙ্গে এই মৃত্যুর নেপথ্যে থাকা রহস্যজনক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার সঠিক তদন্তের দাবিও তুলেছেন বিজেপি নেতা।
শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে লেখেন, “বিশিষ্ট ও খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক শ্রী অনীক দত্তের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বাংলা সিনেমার জগতে তাঁর অবদান চিরকাল অমূল্য হয়ে থাকবে।” পাশাপাশি প্রয়াত পরিচালকের পরিবার, পরিজন এবং অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।
তবে শুধুমাত্র শোকজ্ঞাপনেই থেমে থাকেননি শুভেন্দু অধিকারী। অনীক দত্তের এই আকস্মিক মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নও তুলে ধরেছেন তিনি। তাঁর বক্তব্য, এই ঘটনার পেছনে থাকা সমস্ত রহস্যজনক পরিস্থিতি সামনে আসা প্রয়োজন।
পোস্টে শুভেন্দু অধিকারী আরও লেখেন, “আমার বিশ্বাস কলকাতা পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করবে এবং ওঁর এই হঠাৎ মৃত্যুর পেছনে থাকা সমস্ত রহস্যময় পরিস্থিতি ও আসল কারণটি সবার সামনে উন্মোচন করবে।”
পরিচালকের অকাল মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে টলিউড মহলে। অনীক দত্তের কাজ, তাঁর চলচ্চিত্র ভাবনা এবং বাংলা সিনেমায় অবদানকে স্মরণ করছেন বহু শিল্পী ও বিশিষ্টজন।




















