বিদেশ – অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করল ভারত ও আমেরিকা। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে এই চুক্তির কাঠামো বা রূপরেখাও। চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, রুশ তেল কেনার কারণে ভারতের উপর যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল আমেরিকা, সেটিও পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশই এই চুক্তির কাঠামোর দ্রুত বাস্তবায়নে কাজ করবে এবং একটি পারস্পরিক উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে এগোবে। এই অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে ভারত ও আমেরিকার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়েছে।
এই যৌথ বিবৃতি প্রকাশের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভারত ও আমেরিকার জন্য এটি দারুণ খবর। দুই মহান দেশ একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামোর বিষয়ে একমত হয়েছে। দু’দেশের সম্পর্ক আরও মজবুত করার জন্য এবং ব্যক্তিগত প্রতিশ্রুতির জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।”
প্রধানমন্ত্রী আরও লেখেন, এই চুক্তির কাঠামো দু’দেশের অংশীদারিত্বের ক্রমবর্ধমান গভীরতা, পারস্পরিক আস্থা এবং গতিশীলতাকেই প্রতিফলিত করে। এর ফলে ভারতের পরিশ্রমী কৃষক, উদ্যোক্তা, এমএসএমই এবং স্টার্টআপগুলির জন্য নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি, নারী ও তরুণদের জন্য বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাও খুলে যাবে বলে উল্লেখ করেন তিনি।



















