অভাবের সংসার থেকে একসঙ্গে পুলিশে চাকরি! ময়নাগুড়ির একই পরিবারের তিন ভাইবোনের সাফল্যে তাক গোটা এলাকার

অভাবের সংসার থেকে একসঙ্গে পুলিশে চাকরি! ময়নাগুড়ির একই পরিবারের তিন ভাইবোনের সাফল্যে তাক গোটা এলাকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ময়নাগুড়ি: কখনও দু’বেলা খাবার জুটবে কি না, সেই চিন্তা। কখনও সংসারের টানাপোড়েনে থমকে যেত পড়াশোনা। মাথার উপর পাকা ছাদ ছিল না, ছিল না নামী কোচিংয়ের সুযোগও। ভাঙাচোরা একচিলতে ঘর, দিনমজুর বাবার অনিশ্চিত আয় এবং মায়ের নিরন্তর পরিশ্রমের মধ্যেই বড় হয়ে উঠেছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির উত্তর মাধবডাঙ্গার তিন ভাইবোন অবিনাশ রায়, কমলেশ রায় ও পম্পা রায়। আর সেই কঠিন পরিস্থিতির মধ্যেই এবার সাফল্যের নতুন নজির গড়লেন তাঁরা।

২০২৪ সালের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় একই পরিবারের তিন ভাইবোনের নাম একসঙ্গে জায়গা করে নিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই উত্তর মাধবডাঙ্গা-সহ গোটা এলাকায় তৈরি হয়েছে উচ্ছ্বাস। সাত সদস্যের পরিবারের তিন ভাইবোনের একসঙ্গে এই সাফল্যকে ঘিরে স্বাভাবিকভাবেই গর্বিত পরিবারের সদস্য ও স্থানীয়রা।

তাঁদের বাবা জিতেন রায় পেশায় দিনমজুর। প্রতিদিন কাজ পাওয়া যাবে কি না, আর কাজ মিললেও কত টাকা উপার্জন হবে—তার কোনও নিশ্চয়তা ছিল না। মা-ও সংসারের দায়িত্ব সামলে নিরন্তর পরিশ্রম করে গিয়েছেন। এমন পরিস্থিতিতে চার ছেলেমেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ।

তবু আর্থিক অনটন তাঁদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই পড়াশোনা ও চাকরির প্রস্তুতি চালিয়ে গিয়েছেন অবিনাশ, কমলেশ ও পম্পা। অবশেষে রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় তিনজনের নাম একসঙ্গে উঠে আসায় তাঁদের দীর্ঘ লড়াই যেন পেল নতুন স্বীকৃতি। অভাবকে পিছনে ফেলে নিজেদের পায়ে দাঁড়ানোর যে স্বপ্ন তাঁরা দেখেছিলেন, এবার সেই স্বপ্নই বাস্তবের পথে পা রাখল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top