
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগণা,১৮ই অক্টোবর : এবার নতুন এক কায়দায় ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন এক তরুণী। প্রতারিত তরুণীর নাম শ্রুতি বিশ্বাস। এ বিষয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ তরুণী।
গড়িয়া শ্রীনগর এলাকার বাসিন্দা শ্রুতি বিশ্বাস অনলাইনে খাদ্য সরবরাহকারী সংস্থায় খাবারের অর্ডার দিয়েছিলেন। কিন্তু সেই খাবার ডেলিভারি দেয়নি সংস্থা। কিন্তু অর্ডারের সময় কেটে নেওয়া অর্থ ও ফেরৎ দেওয়া হয়নি ঐ তরুণীকে। নিজের প্রাপ্য টাকা ফেরৎ পেতে জোম্যাটো নামের ঐ খাদ্য সরবরাহকারী সংস্থার সাথে যোগাযোগ করেন শ্রুতি। প্রথমে তাকে টাকা ফেরৎ দিতে অস্বীকার করে ঐ সংস্থা। এরপর ঐ কোম্পানির কাস্টোমার কেয়ার ও উপভোক্তা বিভাগে যোগাযোগ করেন তিনি। অবশেষে টাকা ফেরৎ দেওয়ার কথা স্বীকার করে অনলাইনে একটি ফর্মে কিছু সাবমিট করতে বলা হয় ঐ তরুণীকে। অভিযোগ সেই তথ্য সাবমিট করার পর দু দফায় নতুন করে ঐ তরুণীর ব্যাঙ্ক একাউন্ট থেকে দশ হাজার তিনশো টাকা কেটে নেওয়া হয়। একদিকে খাবারের অর্ডার দেওয়া অর্থ যেমন ফেরৎ পাননি ঐ তরুণী, তেমনি নতুন করে তার একাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ঘটনা ও ঘটে। এ বিষয়ে নরেন্দ্রপুর থানায় ঐ খাদ্য সরবরাহকারী সংস্থার নামে অভিযোগ দায়ের করেছেন শ্রুতি বিশ্বাস। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















