রাজ্য – শিক্ষা দুর্নীতি থেকে সরকারি জমি সংক্রান্ত অনিয়ম—একাধিক মামলায় নাম জড়ানোর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তাঁর বিরুদ্ধে ক্রমশ বাড়তে থাকা এফআইআর এবং গ্রেফতারির আশঙ্কার মধ্যে সোমবার বড় স্বস্তি পেলেন তিনি।
সুমিত রায়ের আবেদনের শুনানিতে তাঁকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী আইনি রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে আদালতের তরফে জানানো হয়েছে।
একই সঙ্গে সুমিত রায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে, তা লিখিত রিপোর্ট আকারে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। শুনানির সময় আদালত মৌখিকভাবে জানায়, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মামলাটির শুনানি মুলতুবি রাখা হচ্ছে। এই সময়সীমার মধ্যে পুলিশ সুমিতের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না।
তবে আদালত জানিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ খতিয়ে দেখার পর এই বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্তর্বর্তী সময়ের মধ্যে পুলিশ কোনও পদক্ষেপ করলে সুমিত সরাসরি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।
ফলে আপাতত ১০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতারি বা অন্য কোনও কঠোর পুলিশি পদক্ষেপের আশঙ্কা থেকে সাময়িক সুরক্ষা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির পূর্ণাঙ্গ হিসাবও এবার আদালতের নজরে আসতে চলেছে।



















