অভিষেকের চিকিৎসা ঘিরে বিতর্ক, হাসপাতালের উপর চাপের অভিযোগ মমতার

অভিষেকের চিকিৎসা ঘিরে বিতর্ক, হাসপাতালের উপর চাপের অভিযোগ মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল। মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে তাঁকে ভর্তি না রেখে ছেড়ে দেওয়ার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষকর্তার চাপের কারণেই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা সম্ভব হয়নি অভিষেককে।
শনিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর সামনেই একাধিক পুলিশ আধিকারিক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অভিষেককে ভর্তি না রাখার জন্য চাপ সৃষ্টি করছিলেন। তাঁর দাবি, স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হচ্ছিল যাতে কোনও অবস্থাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি রাখা না হয়।
মমতার অভিযোগ, হামলায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা প্রক্রিয়ায় একাধিকবার বাধা তৈরি করা হয়েছে। তাঁর কথায়, অভিষেকের উপর হওয়া হামলা অত্যন্ত গুরুতর ছিল এবং শুধু শারীরিক আঘাত নয়, আরও বড় ক্ষতির চেষ্টা করা হয়েছিল বলেও আশঙ্কা রয়েছে।
হামলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছিলেন, সেখানে প্রাথমিকভাবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং একাধিক শারীরিক পরীক্ষা করা হচ্ছিল।
তবে কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গুরুতর কোনও আঘাত বা জটিলতা ধরা না পড়ায় তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাঁর বুকে সামান্য কালশিটে দাগ ছাড়া উল্লেখযোগ্য কোনও শারীরিক সমস্যা পাওয়া যায়নি।
এদিকে কুণাল ঘোষও হাসপাতালের উপর প্রশাসনিক চাপের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, চিকিৎসকরা অভিষেককে আরও কিছু সময় পর্যবেক্ষণে রাখতে চাইলেও বাইরে থেকে চাপ তৈরি করা হয়েছিল যাতে দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
বেলভিউ হাসপাতালে যাওয়ার আগে অন্য একটি বেসরকারি হাসপাতালের পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সেখানে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি এবং আহত অবস্থায় অভিষেককে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা, হাসপাতালের ভূমিকা এবং প্রশাসনিক চাপের অভিযোগ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top