উত্তর 24 পরগণা -;গ্রাফিক্স অফিসের আড়ালে কল সেন্টার চালিয়ে প্রতারণার অভিযোগে অশোকনগরে অভিযান চালাল বারাসত সাইবার ক্রাইম থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে অশোকনগর থানার চৌরঙ্গী এলাকার সাই কমপ্লেক্সে হানা দেয় পুলিশ। অভিযানে মোট ১৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জেরার পর অসঙ্গতি ধরা পড়ায় তাঁদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের নাম সৈকত দাস গুপ্ত (বরানগর), শান্তনু পাল (টিটাগড়) এবং বিশ্বজিৎ রায় (কল্যাণী)। গ্রেফতারের পর তাঁদের দফায় দফায় জেরা করা হচ্ছে। কীভাবে গ্রাফিক্স কাজের আড়ালে কল সেন্টার চালিয়ে প্রতারণা চলত, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখছে পুলিশ। চক্রের সঙ্গে আর কারা জড়িত, তাও তদন্তের আওতায় রয়েছে।
অভিযানের সময় অফিস থেকে দুটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক, প্রায় ১০টি মোবাইল ফোন এবং একাধিক এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। পরে অফিসটি সিল করে নোটিস টাঙিয়ে দেওয়া হয়।
বহুতলটির মালিকের ভাই সন্দীপ পালের দাবি, প্রায় দেড় বছর আগে দানিশ কুরেশি নামে এক ব্যক্তি গ্রাফিক্স কাজের জন্য অফিসটি ভাড়া নেন। প্রথমদিকে সেখানে সেই কাজ চললেও পরে সন্দেহজনক কার্যকলাপ শুরু হয়। গ্রাফিক্সের আড়ালে কল সেন্টার চালানোর বিষয়টি নিয়ে এখন প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন-চার মাস ধরে অফিসের কর্মীদের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। এই প্রতারণা চক্র শুধু রাজ্যেই সীমাবদ্ধ ছিল কিনা বা ভিন রাজ্যেও এর বিস্তার রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।




















