দেশ – বর্তমানে ক্রমশ দর্শক সিনেমা হলের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন। তবে এই জনপ্রিয়তার মাঝেই বাড়ছে নীল ছবি ও অশ্লীল ভিডিও সম্প্রচারের প্রবণতা। এর ফলে যুবসমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং অপরাধ প্রবণতাও বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মে নীলছবির ক্রমবর্ধমান প্রসারের দিকে বিশেষ নজর দিয়ে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
Ministry of Information and Broadcasting কড়া অবস্থান নিয়ে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে। মোদি সরকার জানিয়েছে, এই প্ল্যাটফর্মগুলি আপত্তিকর ও অশ্লীল কনটেন্ট সম্প্রচার করছিল, যা বিদ্যমান আইন এবং তথ্য প্রযুক্তি বিধি লঙ্ঘন করে। অনলাইন কনটেন্ট পর্যবেক্ষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সরকার আনুষ্ঠানিকভাবে পাঁচটি প্ল্যাটফর্ম ব্লক করার নির্দেশ দেয়।
ব্লক করা প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel এবং Jugnu। সরকার ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের (ISP) অবিলম্বে এই ওয়েবসাইট ও অ্যাপগুলিতে প্রবেশাধিকার বন্ধ করার নির্দেশ দিয়েছে। তথ্য প্রযুক্তি বিধি ২০২১ এবং অশ্লীলতা সংক্রান্ত আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সরকার আরও স্পষ্ট করে জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মগুলিকেও অন্যান্য গণমাধ্যমের মতোই দায়বদ্ধ থাকতে হবে। কোনও প্ল্যাটফর্ম যদি নিয়ম ভঙ্গ করে বা আপত্তিকর কনটেন্ট প্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। Information Technology Act, 2000-এর ধারা ৬৯এ অনুযায়ী জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা বা অন্যান্য আইনি কারণে কেন্দ্র সরকার অনলাইন কনটেন্ট বা ওয়েবসাইট ব্লক করার ক্ষমতা রাখে। সেই আইনি অধিকার প্রয়োগ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এই পদক্ষেপে ডিজিটাল মাধ্যমে শালীনতা বজায় রাখা এবং অনলাইন কনটেন্টের উপর নিয়ন্ত্রণ আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।



















