দেশ – SIR ইস্যু ঘিরে ইতিমধ্যেই বাংলা-সহ একাধিক রাজ্যে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বিভিন্ন রাজ্যে প্রকাশিত ভোটার তালিকায় ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে আগামী দিনে বাংলাতেও একই পরিস্থিতি হতে পারে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহেই অসমে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘অনুপ্রবেশকারী’ ইস্যুতে কড়া অবস্থান নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অসম পুলিশের ১০ নম্বর ব্যাটালিয়নের নতুন ক্যাম্পাসের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে শাহ বলেন, যে জমি আগে অনুপ্রবেশকারীদের দখলে ছিল, সেই জমি দখলমুক্ত করেই নতুন ক্যাম্পাস তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেন, আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং সেই লক্ষ্যেই কাজ চলছে। তাঁর বক্তব্য, যদি মাওবাদ নির্মূল করা সম্ভব হয়, তবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন SIR প্রক্রিয়ার মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করছে। বিজেপি পুনরায় ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে দেশ থেকে বিতাড়িত করা হবে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর মতে, শুধুমাত্র জবরদখল করা জমি থেকে উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না, তাদের দেশ থেকেই সরাতে হবে।
অসমের আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই বক্তব্যকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। শাহের দাবি, রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা ছাড়া অনুপ্রবেশকারীদের বিতাড়ন সম্ভব নয়। ফলে এই ইস্যু ঘিরে আগামী দিনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।




















