বিনোদন – এই বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবি বিভাগে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয়। একদিকে ছিল কৃষ্ণাঙ্গ পরিচালক রায়ান কুগলারের ‘সিনার্স’, অন্যদিকে পল থমাস আন্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। এবারের আসরে রেকর্ড ১৬টি মনোনয়ন পায় ‘সিনার্স’। তবু শেষ পর্যন্ত সেরা ছবির শিরোপা জিতে নেয় পল থমাস আন্ডারসনের নির্মাণ।
শুধু সেরা ছবিই নয়, একইসঙ্গে সেরা পরিচালকের পুরস্কারও পান পল থমাস আন্ডারসন। পুরস্কার গ্রহণের সময় তিনি ছবির পুরো টিমকে ধন্যবাদ জানান এবং অভিনেতা-অভিনেত্রীসহ সকল কলাকুশলীর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে দীর্ঘ ও চ্যালেঞ্জিং নির্মাণ-পর্বের কথা। তিনি বলেন, এই স্বীকৃতি তাঁকে শান্তি দিয়েছে এবং পরিশ্রম সার্থক করেছে।
এ বছর সেরা ছবির মনোনয়ন তালিকায় আরও ছিল ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, ‘মার্টি সুপ্রিম’, ‘হ্যামনেট’, ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘এফ১: দ্য মুভি’, ‘বুগোনিয়া’ এবং ‘ট্রেন ড্রিমস’-এর মতো উল্লেখযোগ্য ছবি। চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ শুধু একটি সিনেমা নয়, বরং সমসাময়িক সমাজ ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ দলিল। তাই অস্কারের মতো সর্বোচ্চ স্বীকৃতি পাওয়া নিয়ে আগেই ছিল জোর আলোচনা।
গত বছরের নেটফ্লিক্সের আলোচিত অ্যানিমেশন মিউজিক্যাল ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর গান ‘গোল্ডেন’ও এ বছরের আসরে পুরস্কৃত হয়। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন কৌতুকাভিনেতা কোন্যান ও’ব্রায়েন। সমসাময়িক নানা বিষয় তাঁর বক্তব্যে উঠে আসে। পাশাপাশি উপস্থাপকের দায়িত্বে দেখা যায় প্রিয়ঙ্কা চোপড়াকেও।



















