নিজস্ব সংবাদদাতা ৮ মে ২০২১ উত্তর দিনাজপুর: রাজ্য সরকারের আংশিক লকডাউনের নির্দেশকে অমান্য করে খোলা রয়েছে হাট বাজার দোকানপাট। রায়গঞ্জে বাড়ছে অতিমারি করোনা সংক্রমণের আশঙ্কা।
প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। তবুও অসচেতন মানুষ রাস্তায় নেমে বাজারহাট করতে মত্ত। নিজেদেরকেই সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আবেদন করছেন রায়গঞ্জ শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। পুলিশ প্রশাসন তৎপর হলেও আংশিক লকডাউন মানছেন না এক শ্রেনীর ব্যাবসায়ী দোকানদার। রায়গঞ্জের মানুষের শুভবুদ্ধি উদয়ের আবেদন রেখে সচেতনতার প্রচারে নেমেছে তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। এরপর মানুষ সরকারি নির্দেশিকা না মানলে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহনের আশ্বাস রায়গঞ্জ শহরের এক নম্বর নাগরিকের। অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও। এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার পার করে গিয়েছে। মৃত্যু হয়েছে ১১০ জনের। রাজ্য প্রশাসন করোনার এই দ্বিতীয় ঢেউ সামাল দিতে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত এবং বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাজার হাট, দোকানপাট খোলা রেখে বাকি সময় বন্ধ রাখার নির্দেশ জারি হলেও উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের জনাকীর্ণ শহরে তা মানছেন না কেউই। নির্দিষ্ট সময়ের পরেও খোলা রাখা হচ্ছে হাটবাজার দোকানপাট। ভীড় দেখা যাচ্ছে রায়গঞ্জ শহরের আনাচে কানাচে। এমনকি অনেকেই মুখে মাস্কের ব্যাবহারও করছেন না। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা আরও তীব্র হচ্ছে রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ শহরের পুর এলাকায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যাও। পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপতার সাথে আংশিক লকডাউন সফল করার প্রয়াস নিলেও কিছু অসচেতন মানুষের কারনে তা বাধাপ্রাপ্ত হচ্ছে। এমতাবস্থায় ব্যাবসায়ীরা চাইছেন খাপছাড়া লকডাউন না করে এক বেলা দুপুর ১২ টা পর্যন্ত বাজার হাট, দোকানপাট খোলা রেখে তারপর সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার। সাধারন মানুষ চাইছেন যেভাবে রায়গঞ্জ শহর তথা উত্তর দিনাজপুর জেলায় করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে তাতে সম্পূর্ণ লকডাউন করে দেওয়ার। সাধারন মানুষ জানিয়েছেন নিজেদেরকেই সচেতন হয়ে সরকারের পাশে এসে দাঁড়ানো উচিত। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, পুরসভা কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে আংশিক লকডাউন সফল করার কিন্তু একশ্রেনীর ব্যাবসায়ী দোকানদার মানছেন না। এরপর বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসন বাধ্য হবে।
আরও পড়ুন…চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সিউড়ি সদর হাসপাতালে



















