আইনশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যের, পশ্চিমবঙ্গ পুলিশের পাঁচ দফা নির্দেশিকা জারি

আইনশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যের, পশ্চিমবঙ্গ পুলিশের পাঁচ দফা নির্দেশিকা জারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এবং প্রশাসনিক নজরদারি বাড়াতে পাঁচ দফার বিশেষ নির্দেশিকা জারি করল West Bengal Police। গত ১২ মে প্রকাশিত এই নির্দেশে এডিজি (আইনশৃঙ্খলা) রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেলওয়ে পুলিশ সুপারদের একাধিক কঠোর পদক্ষেপ দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন। তবে এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে Kolkata Police-কে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, থানার মালখানায় জমা থাকা সমস্ত অস্ত্র ও গোলাবারুদের পূর্ণাঙ্গ হিসাব খতিয়ে দেখতে হবে। আগামী ১৫ মে-র মধ্যে প্রত্যেক থানার আইসি বা ওসিকে নিজে উপস্থিত থেকে অস্ত্র পরীক্ষা করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৬ মে থেকে রাজ্যজুড়ে শুরু হবে বিশেষ তল্লাশি অভিযান। আগামী দুই সপ্তাহ ধরে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে ব্যাপক অভিযান চালাবে পুলিশ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ঘটনাগুলিকেও নতুন করে গুরুত্ব দিতে বলা হয়েছে। যেসব মামলায় ইতিমধ্যেই ফাইনাল রিপোর্ট জমা পড়েছে, সেগুলিও পুনর্বিবেচনার আওতায় আনা হবে। তদন্তে কোনও গাফিলতি ধরা পড়লে পুনরায় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, আগে মামলা দায়ের না হওয়া অভিযোগগুলিও নতুন করে খতিয়ে দেখে প্রয়োজন হলে মামলা রুজু করতে বলা হয়েছে।
সীমান্তবর্তী অপরাধ দমন এবং গোয়েন্দা তথ্য আদানপ্রদানের ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে সমন্বয় বৈঠকের উপর। নির্দেশ অনুযায়ী, থানা স্তরে প্রতি মাসে এবং এসডিপিও স্তরে প্রতি তিন মাস অন্তর নিয়মিত বৈঠক করতে হবে। এই বৈঠকে চিহ্নিত অপরাধী, দালালচক্র ও সীমান্তবর্তী বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ গবাদি পশুর হাট, বেআইনি কসাইখানা এবং অবৈধ খনি ব্যবসার বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত বৈধ ব্যবসা যেন কোনওভাবেই স্থানীয় দুষ্কৃতী বা তোলাবাজদের চাপে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে Animal Slaughter Control Act, 2014 কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী হেলমেট পরা বাধ্যতামূলক করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর কথা বলা হয়েছে। এডিজি (ট্রাফিক) এই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়মিতভাবে সংগ্রহ করবেন। গোটা প্রক্রিয়া সরাসরি তত্ত্বাবধান করবেন পুলিশ সুপার ও কমিশনাররা এবং নিয়মিত রিপোর্ট জমা দিতে হবে এডিজি সিআইডি-র কাছে।
প্রশাসনিক মহলের মতে, নতুন সরকারের আমলে আইনশৃঙ্খলা ও অপরাধ দমনে আরও কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিতই দিল এই পাঁচ দফা নির্দেশিকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top