দক্ষিন 24 পরগণা – আইসিসি নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বাড়ছিল Jadavpur University-এ। শুক্রবার বিকেলে সেই নির্বাচন ঘিরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামলাতে গিয়ে গুরুতর জখম হন দুই অধ্যাপক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিশ্ববিদ্যালয় চত্বরে চাপা উত্তেজনা বজায় রয়েছে। অধ্যাপক আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্দরে ক্ষোভ ছড়িয়েছে। অনেকেরই মত, এই ঘটনা ছাত্র-শিক্ষক সম্পর্কের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
জানা গিয়েছে, আইসিসি নির্বাচন ঘিরে ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ এবং Students’ Federation of India (এসএফআই)-এর মধ্যে কয়েক দিন ধরেই চাপানউতোর চলছিল। শুক্রবার এসএফআইয়ের প্রথম বর্ষের পড়ুয়ারা নির্বাচনী প্রচার চালানোর সময় অভিযোগ, ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর সমর্থকেরা তাঁদের উপর চড়াও হন। এরপর এসএফআইয়ের কর্মী-সমর্থকেরাও ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় তর্কাতর্কি, যা ক্রমে হাতাহাতিতে পরিণত হয়।
সেই সময় ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন অধ্যাপক রাজেশ্বর সিংহ ও অধ্যাপক ললিত মাধব। তাঁরা পরিস্থিতি সামলাতে ও মধ্যস্থতা করতে এগিয়ে যান। অভিযোগ, সেই সময়ই দুই অধ্যাপক আক্রান্ত হন। রাজেশ্বর সিংহের চোখে ঘুষি লাগে বলে জানা গিয়েছে। তাঁর চশমার কাঁচ ভেঙে যায় এবং নাকেও আঘাত লাগে। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ললিত মাধবকে ছেড়ে দেওয়া হলেও অন্য অধ্যাপককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অধ্যাপকদের উপর হামলার ঘটনা জানাজানি হতেই বিশ্ববিদ্যালয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন তাঁদের গায়ে হাত পড়ল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগ-পালটা অভিযোগও সামনে আসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ছাত্র সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে খবর।




















