রাজ্য – বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি করে আচমকাই পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর পদত্যাগের সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে নানা আলোচনা। নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানান, বাংলায় তাঁর দায়িত্বের সময় শেষের পথে। সেই পোস্টেই তিনি বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সিভি আনন্দ বোস তাঁর বার্তায় লিখেছেন, বাংলার মানুষের স্নেহ ও শুভেচ্ছার জন্য তিনি ঋণী। তিনি আরও জানিয়েছেন, তাঁর নিজের রাজ্য কেরল এবং সেখানে ফিরে বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করতে চান। জাতীয় নেতৃত্বের নির্দেশনায় তিনি নিজের রাজ্যের উন্নয়নে কাজ করবেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, যাঁরা তাঁকে বড় করেছেন সেই কেরলের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও মানুষের জন্য ও মানুষের পাশে থেকে কাজ করতে চান।
রাজ্যপালের পদত্যাগের সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে আর এন রবিকে। তিনি আগে তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন এবং তার আগে সিবিআই ও আইবির গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন। অন্যদিকে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরকে তামিলনাড়ুর নতুন রাজ্যপাল করা হয়েছে। ভোটের আগে একজন প্রাক্তন কেন্দ্রীয় আধিকারিককে বাংলার রাজ্যপাল হিসেবে আনার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
এদিকে নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের তরফে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তরফ থেকেই তিনি নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়টি জানতে পেরেছেন। ফলে এই ঘটনাকে ঘিরে রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।




















