‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে বীরভূমে অভিষেক, তারাপীঠ দর্শন ও সোনালির সঙ্গে সাক্ষাৎ, মেগা সভা ঘিরে উত্তেজনা

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে বীরভূমে অভিষেক, তারাপীঠ দর্শন ও সোনালির সঙ্গে সাক্ষাৎ, মেগা সভা ঘিরে উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বীরভূম – রাজ্যজুড়ে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই ভোটের ময়দানে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর ও আলিপুরদুয়ারের পর মঙ্গলবার বীরভূমে তাঁর জনসংযোগ কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।
এদিন রামপুরহাট বিধানসভার বিনোদপুর মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা জনসভা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। দলীয় সূত্রে জানা গিয়েছে, হেলিপ্যাডে নামার পর সোজা তারাপীঠ মন্দিরে যাবেন তিনি। সেখানে পুজো দেওয়ার পর রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে অন্তঃসত্তা সোনালি বিবির সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।
বাংলা বলার অপরাধে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে সোনালি বিবিকে পুশব্যাক করার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে এদিন তীব্র সুর তুলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও এসআইআর-এর নামে হয়রানি, আবার কখনও ভাষার ভিত্তিতে বাঙালিদের অপমান—এই সব ইস্যুতেই কেন্দ্রকে কাঠগড়ায় তুলতে চলেছে তৃণমূল। শুরু থেকেই এই ঘটনার প্রতিবাদে সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে চাপের মুখে পড়ে সোনালিকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগেই সোনালির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। জানা গিয়েছে, জনসভার আগেই তিনি রামপুরহাট হাসপাতালে গিয়ে সোনালির সঙ্গে সাক্ষাৎ করবেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বার্তা আরও স্পষ্ট হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বীরভূমের তৃণমূল নেতৃত্বের দাবি, এই জনসভা আসন্ন বিধানসভা নির্বাচনে জেলার ১১টি আসনে দলের জয়ের পথ আরও মসৃণ করবে। তৃণমূল কর্মীদের মধ্যে যে উৎসাহ ও উন্মাদনা তৈরি হয়েছে, তারই প্রতিফলন দেখা যাবে বিনোদপুর মাঠের সভায়। দলীয় সূত্রের দাবি, কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে এবং গোটা মাঠ জনসমুদ্রে পরিণত হবে।
সভাকে কেন্দ্র করে বিনোদপুর মাঠ ও আশপাশের গোটা এলাকা ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সার্বিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top