কলকাতা – আজ থেকে ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ২৮ জুলাই প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ার পর নিরাপত্তার স্বার্থে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর থেকেই ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনকে। তখন জানানো হয়েছিল, ৮ থেকে ৯ মাসের মধ্যে নতুন করে স্টেশন নির্মাণ করে পরিষেবা চালু করা হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এখনও সেই স্টেশন চালুর সম্ভাবনা নেই।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, নতুন স্টেশনের নকশা তৈরির কাজ এ বছরের গোড়াতেই শেষ হয়েছে। বর্তমানে দক্ষিণেশ্বরমুখী প্ল্যাটফর্ম পুনর্নির্মাণের কাজ চলছে। তবে সম্পূর্ণ নির্মাণ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। সেই হিসেবে ২০২৭ সালের এপ্রিল বা মে মাস নাগাদ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ফের পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কেও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্ল্যাটফর্ম তৈরির জন্য প্রয়োজনীয় ৮০টি গভীর পাইলের মধ্যে এখনও পর্যন্ত তিনটির কাজ সম্পন্ন হয়েছে। বর্ষাকাল শুরু হওয়ায় আগামী কয়েক মাস নির্মাণকাজের গতি কিছুটা কমতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম, ছাউনি এবং রেললাইন সরিয়ে ফেলার কাজও চলছে।
নতুন প্ল্যাটফর্মটি আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন নকশায় তৈরি হবে। এবার দুই প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ছাউনি থাকবে, ফলে স্টেশনের চেনা চেহারায় বড় পরিবর্তন আসবে। তবে সেই পরিবর্তনের জন্য যাত্রীদের আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
স্টেশন বন্ধ থাকায় নিউ গড়িয়া এলাকার যাত্রীদের এখনও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ধরতে হচ্ছে। যাত্রীদের কিছুটা সুবিধা দিতে সেখানে নতুন অটোস্ট্যান্ডও তৈরি করা হয়েছে। তবুও কবি সুভাষ স্টেশন চালু না হওয়া পর্যন্ত যাতায়াতের ভোগান্তি অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।




















