রাজ্য – মেসি ইভেন্টকে ঘিরে বিতর্কের জেরে এবার আলিপুর জজ কোর্ট চত্বরে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এক আইনজীবীর সঙ্গে দেখা করতে আদালতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয় বলে অভিযোগ।
সূত্রের খবর, অরূপ বিশ্বাস আদালত চত্বরে পৌঁছেছেন জানতে পেরে কয়েকজন আইনজীবী ডিম হাতে তাঁর চেম্বারের বাইরে জড়ো হন। তাঁকে দেখেই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে আয়োজিত অনুষ্ঠানে টিকিট কেটে প্রবেশ করতে না পারা দর্শকদের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। তাঁদের অভিযোগ, টিকিট বিক্রি নিয়ে অনিয়ম ও বিশৃঙ্খলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
মেসির সফরের সময় অরূপ বিশ্বাসের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে মাঠে মেসির সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই জনরোষ আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন অনেকে। আদালত চত্বরে বিক্ষোভকারীরা দাবি করেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানের টিকিটের অর্থ ফেরত দেওয়া হোক।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আইনজীবীদেরই একাংশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় অরূপ বিশ্বাস যে চেম্বারে ছিলেন, তার আলো নিভিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পরে সন্ধ্যা প্রায় ৬টা ১৫ মিনিট নাগাদ পুলিশ এসে তাঁকে নিরাপত্তার সঙ্গে চেম্বার থেকে বের করে নিয়ে যায়।
পুলিশের গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। যদিও সেই ডিম সরাসরি তাঁর গায়ে লেগেছিল কি না, তা স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনার জেরে আদালত চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে বৃহস্পতিবার সকালে দীর্ঘদিন হাজিরা এড়ানোর পর মেসি ইভেন্ট সংক্রান্ত মামলায় বিধাননগর দক্ষিণ থানায় উপস্থিত হন অরূপ বিশ্বাস। সেখানে তাঁকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়। থানার বাইরে বেরিয়ে তিনি কলকাতার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পর আলিপুর জজ কোর্টে আইনজীবী গোপাল হালদারের সঙ্গে দেখা করতে যান।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে এবং ২ জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে আদালতের বেঁধে দেওয়া একাধিক শর্ত তাঁকে মেনে চলতে হবে। অন্যদিকে, এই সুরক্ষার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত।
গত ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। সেই অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলা ও দর্শকদের ক্ষোভের পর থেকেই অরূপ বিশ্বাসকে ঘিরে বিতর্ক শুরু হয়। পরবর্তীতে সেই বিতর্কের জেরে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেন।



















