আসন্ন বিধানসভা নির্বাচনে ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা

আসন্ন বিধানসভা নির্বাচনে ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৬০ লক্ষ ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা বিচারাধীন ভোটারদের ভোটাধিকার নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। এই ভোটারদের মধ্যে কে শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন, তা নিশ্চিত করতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে কি না—এই প্রশ্ন ঘিরেই জোর জল্পনা চলছে।
এই পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
সূত্রের খবর, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনের ব্যবহৃত সফটওয়্যারে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। সেই কারণে কমিশন অতিরিক্ত পাঁচ দিনের সময় চেয়েছে এবং কো-অর্ডিনেশন কমিটি সেই আবেদনে সম্মতি জানিয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যেসব বিচারাধীন ভোটারের আবেদন বাতিল হবে, তাঁদের আপিল শুনার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। তবে এই প্রক্রিয়া এখনও প্রাথমিক স্তরে রয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সাড়ে ১৩ লক্ষ বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তি হয়েছে। তবে এর মধ্যে ঠিক কতজনের ভোটাধিকার বহাল থাকবে, তা এখনও স্পষ্ট নয়। এর আগের রিপোর্টে উল্লেখ ছিল, নিষ্পত্তি হওয়া প্রায় ১০ লক্ষ আবেদনের মধ্যে প্রায় ৩০ শতাংশ আবেদন বাতিল হয়েছে।
ট্রাইব্যুনাল গঠনের জন্য হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকদের নিয়ে একটি সম্ভাব্য তালিকাও তৈরি হয়েছে। তাতে প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত বিচারকের নাম রয়েছে। তবে কারা দায়িত্ব নিতে রাজি হবেন, তা এখনও নিশ্চিত নয়। ফলে ট্রাইব্যুনাল কবে গঠিত হবে এবং বাদ পড়া ভোটাররা কবে আবেদন করতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top