
নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ৭ জুলাই :- টানা চার দিন ধরে আসানসোল শিল্পাঞ্চলে অবিরাম বৃষ্টির ফলে নুনী নদীর জলে প্লাবিত হয়ে গেছে কাল্লার সেতু। সেতুটি বারাবনি থেকে দোমহানি যাওয়ার প্রধান রাস্তার উপরে অবস্থিত। এই সেতু ভেসে যাওয়ার ফলে দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । সমস্যায় পড়েছেন বেশ কয়েক হাজার গ্রামবাসী।অবিরাম বর্ষণের ফলে কয়েক দিন ধরেই নুনী নদীর জলস্তর বাড়ছিল। সোমবার থেকে কাল্লার কাছে থাকা সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে, সেই অবস্থাতেও বিপদের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। প্রত্যেক বছর বর্ষার সময় নদীর জলে এই সেতু ভেসে যাওয়ার জন্য অত্যন্ত সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। বাস ও অন্যান্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কিছু দিন আগে সেতু নতুন করে তৈরির কাজ শুরু হয়েছিল কিন্তু লকডাউনের কারণে সেই সেতু নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।



















