দেশ – ইরান-আমেরিকার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার (১ এপ্রিল) রাতেই জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী Narendra Modi। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (CCS) সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে যুদ্ধকালীন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। পাশাপাশি সম্ভাব্য জ্বালানি সঙ্কট মোকাবিলার প্রস্তুতিও আলোচনার কেন্দ্রে ছিল।
উল্লেখযোগ্যভাবে, গত এক মাসে এই নিয়ে তৃতীয়বার CCS বৈঠক ডাকা হল। এর আগে ১ মার্চ ও ২২ মার্চও একই বিষয়ে আলোচনা হয়েছিল। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ প্রধানমন্ত্রীর পৌরাহিত্যে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী Rajnath Singh, স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah, অর্থমন্ত্রী Nirmala Sitharaman এবং বিদেশমন্ত্রী S. Jaishankar।
সূত্রের খবর, বৈঠকে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা একযোগে কাজ করবেন। সঙ্কটের সময়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, দেশের কোনও নাগরিক যেন অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কালোবাজারি রোধ এবং নাগরিকদের জন্য প্রয়োজনীয় পরিষেবা বজায় রাখার কথাও বলেন তিনি। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকে একটি সম্ভাব্য ইরানি তেলবাহী জাহাজ ভারতের দিকে আসছে কিনা, তা নিয়েও আলোচনা হয়। তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য তাঁদের কাছে নেই। সরকারও এই বিষয়ে অবগত নয় বলে জানানো হয়েছে।
এছাড়াও, দেশে সম্ভাব্য লকডাউন জারির গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে বৈঠকে। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী অন্তত দুই মাসের জন্য দেশের কাছে পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুত রয়েছে, ফলে আতঙ্কের কোনও কারণ নেই।


















