নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,৮ ই মার্চ: রাতে পেট্রোল ডিউটি চলাকালীন দুস্কৃতীরা গুলি চালিয়ে খুন করল এক পুলিশ কনস্টেবল কে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পানের দোকানের সামনে। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলকে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। মৃত পুলিশ কনস্টেবলের নাম মহম্মদ সাব্বির ( ৪০) । মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশসূত্রে জানা গিয়েছে, চাকুলিয়া থানার গন্ডালের বাসিন্দা মহম্মদ সাব্বির চোপড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গতকাল রাতে আর টি ভ্যানে টহলদারিতে অন্যান্য পুলিশ আধিকারিকদের সাথে ডিউটি দিচ্ছিলেন তিনি। গভীর রাতে চোপড়া থানার কালাগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কারও সাথে কথা বলছিলেন কনস্টেবল মহম্মদ সাব্বির। অভিযোগ, দুই দুস্কৃতী মোটরবাইকে এসে মহম্মদ সাব্বিরকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ কনস্টেবল মহম্মদ সাব্বিরের। সূত্রের খবর সেইসময় মহম্মদ সাব্বিরের সাথে পবিত্র নামে এক পুলিশ অফিসার ছিলেন। পবিত্র নামের সেই পুলিশ অফিসার চোপড়া থানা এলাকায় বেশকিছু দুস্কৃতীদের গ্রেপ্তার করে। অনুমান তাকে লক্ষ্য করে গুলি করতে আসে। কিন্তু দুস্কৃতীদের গুলি লাগে কনস্টেবল মহম্মদ সাব্বিরের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলার পুলিশ আধিকারিকেরা।



















