নিজস্ব সংবাদদাতা ১৯ মার্চ ২০২১ উত্তরদিনাজপুর: বিজেপির প্রার্থী পদের নাম ঘোষনার পর থেকেই প্রার্থী পছন্দ না হওয়ায় উত্তর দিনাজপুর জেলাজুড়ে বিক্ষোভ, বিজেপি পার্টি অফিস ভাঙচুর এমনকি আগুন লাগিয়ে দিল ক্ষুদ্ধ বিজেপি কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর এবং চাকুলিয়ায় কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর ব্যান্যার আগুন দিয়ে পুড়িয়ে বিক্ষোভ দেখানোর পর শুক্রবার করনদিঘীর বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয় বিজেপির কর্মী সমর্থকেরা।
ক্ষুদ্ধ বিজেপি কর্মীদের দাবি তাদের নিজেদের দলের কাউকে প্রার্থী না করলে তাঁরা কেউই ভোট দেবেন না, কাউকে বিজেপিকে ভোট দিতেও দেবেন না। তাদের হুমকি বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ এবং দিলীপ ঘোষ এখানে এসে ভোট করাক। একধাপ সুর চড়িয়ে বিজেপি কর্মীরা বলেন অমিত শাহ এবং দিলীপ ঘোষদের ফুলের মালার বদলে জুতোর মালা পড়ানো উচিত। বিজেপির শীর্ষ নেতৃত্ব উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা আসনের প্রার্থীর নাম ঘোষনা করলেও আশ্চর্যজনকভাবে ইটাহার ও করনদিঘী বিধানসভা আসনে প্রার্থীর নাম ঘোষনা করেনি। এই দুই কেন্দ্রে তৃনমূলের টিকিট না পাওয়া দুই বিধায়ক ইটাহারের অমল আচার্য এবং করনদিঘীর মনোদেব সিনহা কে বিজেপি প্রার্থী করার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই এই দুই তৃনমূল বিধায়ক টিকিট পাওয়ার জন্য বিজেপিতে যোগদান করেছেন বলে সূত্রের খবর। আর এই আশঙ্কা থেকেই গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই উত্তেজিত হয়ে পড়েন জেলার বিজেপি কর্মী সমর্থকেরা। ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকেরা রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে এসে ব্যাপক ভাঙচুর চালায়। প্রার্থী পছন্দ না হওয়ায় চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকেরা রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর ছবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। করনদিঘী বিধানসভায় দলত্যাগী তৃনমূল বিধায়ক মনোদেব সিনহাকে প্রার্থী বিজেপি প্রার্থী করার চিন্তাভাবনা করার কথা জানতে পেরেই আজ বিজেপির করনদিঘীর পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, সারাজীবন ধরে তৃনমূল কংগ্রেসের অত্যাচার সহ্য করে পার্টি করছেন। আজ সেই তৃণমূল বিধায়ক একদিন আগে বিজেপিতে যোগদান করায় তাকে প্রার্থী করতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ এবং দিলীপ ঘোষেরা। গোটা করনদিঘী তথা উত্তর দিনাজপুর জেলাতেই সব বিজেপি পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি দেন ক্ষুদ্ধ বিজেপি কর্মীরা।
আরো পড়ুন….মধ্যমগ্রামে পালিত হলো সিআরপিএফের ৮২ তম প্রতিষ্ঠা দিবস



















