বিনোদন – দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এর একটি হেরিটেজ প্রাসাদে বসছে তাদের বিয়ের আসর। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ একসঙ্গে দেখা যায় এই তারকা জুটিকে। সেখান থেকেই তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতার উদ্দেশে রওনা দেন।
বিমানবন্দরে দু’জনকে দেখা যায় মিলিয়ে পোশাকে। বিজয়ের পরনে ছিল লেদার জ্যাকেট, সাদা শার্ট ও সাদা প্যান্ট। অন্যদিকে রশ্মিকা পরেছিলেন ব্লেজার, সাদা শার্ট ও সাদা প্যান্ট। তাঁদের স্টাইলেই ছিল রাজকীয় ছোঁয়া। ভেতরে প্রবেশের আগে অনুরাগীদের সঙ্গে কথাও বলেন তাঁরা। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিয়ের আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে ‘VIROSH’, যা তাঁদের ভক্তরাই আদর করে দিয়েছিলেন। এক যৌথ বিবৃতিতে তাঁরা লেখেন, “আমাদের প্রিয়জনেরা, আমরা নিজেদের জন্য কিছু ভাবার আগেই আপনারা আমাদের পাশে ছিলেন।” ভক্তদের দেওয়া নামকেই বিয়ের পরিচয় হিসেবে গ্রহণ করায় অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতাও জানান এই জুটি।
জানা গিয়েছে, মূল বিয়ের অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি হলেও রিসেপশন হবে ৪ মার্চ হায়দরাবাদে। অনুষ্ঠানটি হবে একান্ত ঘনিষ্ঠ পরিসরে, সীমিত অতিথি তালিকা নিয়ে। ভেন্যুতে মোবাইল ফোন নিষিদ্ধ থাকবে এবং ফটোগ্রাফি টিমকেও গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়েছে। বিয়ের এই বিশেষ সময়টুকু উপভোগ করতে দু’জনেই কাজ থেকে এক মাসের বিরতি নিয়েছেন।
উল্লেখ্য, গীত গোবিন্দম ছবিতে প্রথম একসঙ্গে অভিনয় করেন তাঁরা। পরে ডিয়ার কমরেড-এ আবারও জুটি বাঁধেন। সেই থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা। এবার সেই প্রেমই পেতে চলেছে চূড়ান্ত পরিণতি।



















