বিনোদন – দক্ষিণী ঐতিহ্য মেনে গত ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না। রাজস্থানের উদয়পুর-এর একটি বিলাসবহুল ফোর্টে রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। সকালে বিজয়ের তেলেগু রীতি মেনে বিয়ে হয়, আর সন্ধ্যায় রশ্মিকার কুর্গ ঐতিহ্য অনুযায়ী দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সম্পন্ন হয়। দুই পরিবারের সংস্কৃতির মেলবন্ধনেই সাজানো হয় এই বিশেষ দিন।
বিয়ের পরই হায়দরাবাদে ফিরে গিয়েছেন নবদম্পতি। বর্তমানে শ্বশুরবাড়িতেই রয়েছেন রশ্মিকা। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের রাজকীয় রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানটি সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি এই তারকা জুটি তিরূপতি মন্দির-এ গিয়ে পুজোও দেন।
বিয়ের পর এক বিশেষ উপায়ে দেশবাসীকে ধন্যবাদ জানান বিজয় ও রশ্মিকা। নতুন জীবন শুরুর আনন্দে দেশজুড়ে মিষ্টি বিলির উদ্যোগ নেন তাঁরা। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় তাঁদের বিয়ের ছবি এখনও সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে।
গ্র্যান্ড রিসেপশনের আগে বিজয় তাঁর স্ত্রীকে নিয়ে গিয়েছেন তেলেঙ্গানার মাহবুবনগর জেলার থুম্মনপেটে নিজের পৈতৃক গ্রামে। সেই ছবিই এখন ভাইরাল। তারকা তকমা সরিয়ে সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার এই মুহূর্ত ভক্তদের মন জয় করেছে।


















