
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৭ শে জুলাই :উন্মত্ত হনুমানের দাপটে বেশকিছু দিন ধরেই অতিষ্ঠ ছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দীর্ঘগ্রাম। অবশেষে সেই উন্মত্ত হনুমানটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করল বনদপ্তর। হনুমানটিকে ধরতে আগে বেশ কয়েকবার এলাকায় গিয়েছিল বনদপ্তর। সেসময় গ্রামবাসীর ক্ষোভের মুখেও পড়তে হয়। জানা যায়, বনদপ্তরের খড়গপুর ডিভিশনের কর্মীরা এদিন ঘাটালের দীর্ঘগ্রামে পৌঁছয় ওই উন্মত্ত হনুমানটিকে ধরতে। বাগে আনতে হনুমানটিকে ঘুমপাড়ানি গুলি করে নামানো হয়। হনুমানের আক্রমনে জখম হওয়ার ঘটনা ঘটছিল ঘাটালের ওই গ্রামে।এদিন সেই হনুমানটিকে বনদপ্তর ধরায় স্বস্তি গ্রামবাসীর। বনদপ্তর সূত্রে জানানো হয়, এদিন ওই হনুমানটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে, খড়গপুর ডিভিশনে নিয়ে গিয়ে চিকিৎসার পর সুস্থ হলে পুনরায় বনে ছেড়ে দেওয়া হবে।


















