
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৬ শে সেপ্টেম্বরঃ দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় গ্যামনব্রিজ সংলগ্ন রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কের একটি এটিএম থেকে টাকা তুলতে আসেন কালিপুর গ্রামের বাসিন্দা টোটন দাস । বেসরকারি কারখানায় কর্মরত টোটন সম্প্রতি ১১৫০০/- বোনাস পেয়েছিলেন । এক বন্ধুকে সঙ্গে নিয়ে সেই টাকাই তুলতে এসেছিলেন তিনি । এটিএমে কার্ড পাঞ্চ করার পর একবার কিছু টাকা উঠলেও বাকি টাকা কিছুতেই তুলতে পাচ্ছিলেন না তিনি । এমন সময় দুই যুবক সাহায্যের অছিলায় তাঁর কাছে এসে টাকা তুলে দেওয়ার আশ্বাস দেয় । সরল বিশ্বাসে ওই দুই যুবককে এটিএম কার্ড দিয়ে দেন তিনি । ওই দুই যুবক তখন এটিএম কার্ডটি মেশিনে ঢুকিয়ে অন্য একটি এটিএম কার্ড তাঁকে ফেরত দিতে যায় । টোটনবাবুর বন্ধু ঘটনাটি দেখে ফেলে । এরপরেই ওই দুই যুবককে চেপে ধরে টোটন ও তার সঙ্গী । দুজনকেই চড় থাপ্পড় দিয়ে আসল এটিএম কার্ডটি তাদের কাছ থেকে উদ্ধার করে । ইত্যবসরে ওই দুই যুবকের একজন তাদের হাত ছাড়িয়ে পালিয়ে যায় , অন্যজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন টোটন বাবু । পুলিশ ধৃতকে জেরা করে অপর সঙ্গীর হদিশ চালাচ্ছে । পুজোর মুখে এই ঘটনায় যথেষ্ট আতংকিত টোটন বাবু ও তাঁর বন্ধু ।


















