কলকাতা —
মঙ্গলবার রাতে বড়সড় দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর কলকাতার উল্টোডাঙা উড়ালপুল এলাকায়। রাত সাড়ে সাতটার পর একটি বড় গাড়ি দ্রুতগতিতে উড়ালপুলে ওঠার সময় আচমকাই ভেঙে পড়ে উড়ালপুলের হাইটবার। সেটি সরাসরি গাড়িটির উপর গিয়ে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে উল্টোডাঙা উড়ালপুলে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এর জেরে শহরের অন্যতম ব্যস্ত রাস্তা ইএম বাইপাসে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ভেঙে পড়া হাইটবারটি রাস্তা থেকে সরানোর কাজ শুরু করেন পুলিশ ও সংশ্লিষ্ট কর্মীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যস্ত রাস্তার উপর আচমকা হাইটবার ভেঙে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আহত হয়েছেন কি না, তা স্পষ্ট নয়। পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।
উল্টোডাঙা উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকায় আশপাশের রাস্তাতেও যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে রাতের ব্যস্ত সময়ে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী ও গাড়িচালকেরা।



















