রাজ্য – চলতি বছরে উষ্ণতম দোল কাটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে গরমের আমেজ অনুভূত হচ্ছে। বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে বলে জানানো হয়েছে। আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিও বজায় থাকবে। শীতের আমেজ প্রায় উধাও হয়ে গিয়ে গরমের দাপটই প্রধান হয়ে উঠছে। বুধবার থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০.১ ডিগ্রি সেলসিয়াস। দুই ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৯ ডিগ্রি কম হলেও দিনের বেলায় গরমের অনুভূতি বেশি থাকবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকায় তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দোলের দিনে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পার্বত্য জেলা দার্জিলিঙে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। ভোরের দিকে কিছু এলাকায় কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।


















