কলকাতা – বছরের শেষ লগ্নে উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। অন্যদিকে, সামনে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে উৎসবের আনন্দের মধ্যেও রাজ্যের উন্নয়ন যাতে কোনওভাবেই থমকে না যায়, সেই লক্ষ্যেই বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে মন্ত্রিসভার সমস্ত সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বড়দিন থেকে নতুন বর্ষ বরণ, তার পরেই গঙ্গাসাগর মেলার মতো আন্তর্জাতিক মানের বৃহৎ অনুষ্ঠান। ফলে উৎসবের মরশুমে রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করাই রাজ্য সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবারের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষভাবে আলোচনা হতে পারে। বড়দিন, বর্ষবরণ এবং গঙ্গাসাগর মেলার সময় যাতে কোথাও কোনও অশান্তি না হয়, সে বিষয়ে কড়া নজরদারি ও সতর্কতার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
নিরাপত্তার পাশাপাশি উন্নয়ন সংক্রান্ত বিষয়েও গুরুত্ব দেওয়া হবে এই বৈঠকে। রাজ্যের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব এদিন মন্ত্রিসভায় উঠতে পারে। শিল্প ও কর্মসংস্থানের প্রসারে নতুন প্রকল্পগুলির উপর বিশেষ জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে অন্যতম প্রস্তাব হল হুগলির উত্তরপাড়ায় রেলের কোচ তৈরির একটি বড় কারখানা গড়ে তুলতে টিটাগড় রেলসিস্টেমসকে প্রায় সাড়ে তিনশো একর জমি দেওয়ার বিষয়টি। রাজ্য সরকারের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা নেবে। ফলে উৎসবের মরশুমেও রাজ্যের উন্নয়নের গতি বজায় রাখতে এই মন্ত্রিসভার বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।




















