রাজ্য – এক কোটি টাকা দাবি করার অভিযোগে বিধাননগরের তৃণমূল নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে শুক্রবার বারাসত আদালতে ২৫৬ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল বাগুইআটি থানার পুলিশ। অভিযোগ, দাবি করা টাকা না পাওয়ায় একটি নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই মামলায় এর আগেও দেবরাজের বিরুদ্ধে কয়েকশো পাতার চার্জশিট পেশ করা হয়েছিল বলে পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে।
অভিযোগের সূত্রপাত ভিআইপি রোডের ধারে একটি খাবারের দোকান ভাঙার পর লোহা সরানোর কাজকে কেন্দ্র করে। ওই কাজের বরাত পেয়েছিল একটি সংস্থা। অভিযোগ, সেই সংস্থার মালিকের কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন তৎকালীন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। তবে তাঁর দাবি অনুযায়ী পুরো টাকা দিতে পারেননি ওই ব্যবসায়ী।
অভিযোগ, টাকা না পাওয়ার পরই ওই সংস্থার কাজ বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে দেবরাজের প্রভাবের কারণে ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে পারেননি বলেও অভিযোগ রয়েছে। পরে বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয়।
এর আগের চার্জশিটেও দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও তোলাবাজির একাধিক অভিযোগের উল্লেখ ছিল বলে পুলিশ সূত্রে খবর। নতুন সাপ্লিমেন্টারি চার্জশিটে মামলার তদন্তে উঠে আসা আরও তথ্য ও নথি সংযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
এক কোটি টাকা দাবি এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগের এই মামলায় নতুন করে চার্জশিট পেশ হওয়ায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আরও জোরদার হল। যদিও অভিযোগগুলি আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি।




















