এক মাসে এসএসকেএমে ৬ দালাল গ্রেফতার, চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের

এক মাসে এসএসকেএমে ৬ দালাল গ্রেফতার, চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশের। এক মাসের মধ্যে হাসপাতাল চত্বরে দালালির অভিযোগে মোট ছ’জনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। বৃহস্পতিবারও এক দালালকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে হাসপাতালে সক্রিয় ছিল এই দালালচক্র।

ভবানীপুর থানার ওসি সৌমিত্র বসুর নেতৃত্বে বিশেষ পুলিশ টিম গঠন করে তদন্ত শুরু করে। এরপর একের পর এক অভিযানে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ধৃতদের অধিকাংশই কলকাতার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ জুলাই হুগলির উৎপল বসুমল্লিক এবং মুর্শিদাবাদের আশাবুল শেখকে গ্রেফতার করা হয়। এরপর একে একে হুগলির সুজয় দাস, ভবানীপুরের রাজেশ মল্লিক এবং তাপস নায়েককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাসিন্দা অমিত প্রামাণিককে।

অমিতের বিরুদ্ধে অভিযোগ, বিশেষ কোটায় এক রোগীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর পরিবারের কাছ থেকে টাকা নিয়েছিল সে। দু’দফায় মোট ১৩ হাজার টাকা নেওয়ার পর আচমকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে অমিতকে গ্রেফতার করে পুলিশ।

হাসপাতালে চিকিৎসার জন্য আসা সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে দালালচক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। এক মাসে পরপর ছ’জন গ্রেফতার হওয়ায় এসএসকেএম হাসপাতাল চত্বরে দালালচক্রের সক্রিয়তার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top