নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৭ জানুয়ারি, ৭১ তম সাধারণ প্রজাতন্ত্র দিবসে আনন্দে মাতোয়ারা সারা ভারতবর্ষ, অন্যদিকে এনআরসির আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন রতুয়া-১ ব্লকের বিন পাড়া গ্রামের বাসিন্দা মধু সাহা (বছর ৪৬)।মৃত ওই ব্যক্তির নাম মধু সাহা, বাড়ি রতুয়া-১ ব্লকের বিন পাড়া গ্রামে।পেশায় রিকশাচালক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোটার কার্ড ও রেশন কার্ড রয়েছে, কিন্তু আধার কার্ড নেই, নতুন আধার কার্ডের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি।কখনোও ব্যাংকে তো আবার কখনো সিএসপি কেন্দ্রগুলোতে।দিন কয়েক আগে তিনি নিজের ও স্ত্রী পঞ্চমী সাহার জন্য রতুয়া ব্লক মোড়ের এক সিএসপি কেন্দ্রতে ৭০০ টাকা দিয়ে নতুন আধার কার্ড তৈরির জন্য আবেদন করেন, কিন্তু সেখানেও আধার কার্ড তৈরি হয়নি।আধার কার্ড না থাকায় এনআরসির ভয় তার মনের মধ্যে বাসা বাঁধে।ছেলে ভরত সাহা জানায়, আধার কার্ড না থাকায় দীর্ঘদিন ধরে বাবা মানসিক অবসাদে ভুগছিলেন। বাড়িতে বাবাকে বিভিন্নভাবে আশ্বস্ত করি আধার কার্ড না থাকলেও নাগরিত্ব নিয়ে কোনো সমস্যা হবে না।তা সত্ত্বেও তাঁর বাবা কোনমতে বুঝে উঠতে পারেনি।আর এই কারণেই সকলের অনুপস্থিতিতে নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। স্ত্রী ঘরের বারান্দায় বসে থেকেও একটুও টের পায়নি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।



















