
নিউজ ডেস্ক,পশ্চিম মেদিনীপুরঃএবার নিজের দপ্তরের আধিকারিকদের স্বাস্থ্যের দিকে নজর দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যে সমস্ত আধিকারিকদের ওজন তাদের উচ্চতা বা বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাদের তালিকা তৈরি করে তাদের সচেতন করার কাজ শুরু করা হল জেলা পুলিশের পহ্ম থেকে। শুক্রবার মোট ৬০ জন এমন পুলিশ আধিকারিকদের তালিকা তৈরি করে তাদের হাতে তুলে দেওয়া হল বিশেষ স্মার্ট ওয়াচ। পাশাপাশি জানিয়ে দেওয়া হল কি কি করা উচিত, কি কি না করা উচিত। আগামীদিনে এই ওয়াচের মাধ্যমে জানা যাবে কে কতটা নিজের ওজন নিয়ন্ত্রন করতে পেরেছে। যারা ভালো করবে, তাদের জন্য পুরষ্কারের ব্যাবস্থা রয়েছে বলেও এদিন জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। এদিন মেদিনীপুর পুলিশ লাইনের সেফ হাউসে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়৷ যেখানে পুলিশ ছাড়াও হাজির ছিলেন আইজি রাজীব মিশ্রা, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ সুকেশ কুমার জৈইন, ডিআইজি বর্ধমান রেঞ্জ ভারত লাল মিনা প্রমুখ। জেলা পুলিশের এই উদ্যোগে খুশি সকলেই।



















