এসআইআর আবহে রানিগঞ্জে আবর্জনার স্তূপে মিলল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড, চাঞ্চল্য

এসআইআর আবহে রানিগঞ্জে আবর্জনার স্তূপে মিলল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড, চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পশ্চিম বর্ধমান -সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। এর মধ্যেই রাজ্যজুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। সেই আবহেই রানিগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার হওয়া সমস্ত ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছে। কীভাবে এবং কোথা থেকে এত সংখ্যক কার্ড সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় আবর্জনার স্তূপে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এসআইআর চলাকালীন এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। এরই মধ্যে এক যুবক দাবি করেন, তাঁর বাড়িতে ভোটার কার্ড সুরক্ষিত থাকা সত্ত্বেও তাঁর নামের একটি কার্ড উদ্ধার হয়েছে ওই স্তূপ থেকে। ভাইয়ের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নাকি নিজের নামের কার্ড দেখতে পান। তবে তাঁর দাবি, কাউকে তিনি ভোটার কার্ড ব্যবহার করতে দেননি এবং আসল কার্ডটি বাড়িতেই রয়েছে।
এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি ভুয়ো কি না। প্রশাসনিক গাফিলতির অভিযোগও উঠেছে। এলাকার প্রাক্তন কাউন্সিলর আরিশ জালাল বলেন, এসআইআরের কাজ চলার মধ্যে ডাস্টবিনে এত ভোটার কার্ড কীভাবে এল, তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। তাঁর অভিযোগ, পুরো ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে।
উল্লেখ্য, এর আগেও এসআইআর চলাকালীন সল্টলেকের রাস্তা বা কল্যাণী হাইওয়ের ধারে জঙ্গল থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা সামনে এসেছে। ফলে নির্বাচন-পূর্ব পরিস্থিতিতে এমন ঘটনা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top