এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় আইনি জট, নিম্ন আদালতের ভূমিকায় ক্ষুব্ধ সিবিআই, হাইকোর্টে কেন্দ্রীয় সংস্থা

এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় আইনি জট, নিম্ন আদালতের ভূমিকায় ক্ষুব্ধ সিবিআই, হাইকোর্টে কেন্দ্রীয় সংস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য -;স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, আইনি জটিলতার কারণে এখনও শুরু করা যাচ্ছে না মূল বিচার প্রক্রিয়া। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভিযোগ, নিম্ন আদালতের অনুমতি না মেলায় গোটা মামলার শুনানি কার্যত থমকে রয়েছে।
সিবিআই সূত্রে খবর, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক অসঙ্গতি ও জালিয়াতির প্রমাণ সামনে আসার পর কেন্দ্রীয় সংস্থার তরফে মোট চারটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছিল। সেই অনুযায়ী চারটি পৃথক ধারায় মামলাও রুজু হয়। তবে পরবর্তীতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মামলাগুলির অপরাধের ধরন ও যোগসূত্র একই হওয়ায় সব ক’টি মামলাকে একত্রিত বা ‘ক্লাব’ করে যৌথভাবে শুনানি শুরু করতে হবে।
সিবিআইয়ের অভিযোগ, সুপ্রিম কোর্টের সেই নির্দেশ থাকা সত্ত্বেও বিশেষ সিবিআই আদালত এখনও যৌথ শুনানি শুরুর প্রয়োজনীয় অনুমোদন দিচ্ছে না। ফলে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না এবং দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু চাকরিপ্রার্থীর ভবিষ্যৎও অনিশ্চয়তার মধ্যে আটকে রয়েছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর দাবি তুলেছে। আদালত সূত্রে জানা গিয়েছে, সিবিআই চাইছে যাতে চারটি মামলাকে একত্রিত করে দ্রুত চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া শুরু করা যায়।
এদিকে সম্প্রতি এই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক প্রাক্তন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর স্কুল শিক্ষা দফতর থেকে ‘স্যানকশন ফর প্রসিকিউশন’ সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে।
যাঁদের বিরুদ্ধে এই অনুমোদন দেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন কর্তা।
আইন অনুযায়ী, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ বা বিচার প্রক্রিয়া শুরু করতে হলে সংশ্লিষ্ট সরকারের অনুমতি প্রয়োজন হয়। অভিযোগ, পূর্বতন সরকার সেই ফাইল দীর্ঘদিন আটকে রেখেছিল। ফলে তদন্ত এবং বিচার প্রক্রিয়া এগোতে পারছিল না।
এবার রাজ্যের তরফে অনুমোদন মেলায় সিবিআইয়ের অন্তত চারটি পৃথক মামলার ক্ষেত্রে আইনি বাধা অনেকটাই কেটে গিয়েছে বলে মনে করছে তদন্তকারী মহল। তবে নিম্ন আদালতের অনুমোদন না মেলায় এখনও শুরু করা যাচ্ছে না মূল বিচার পর্ব।
এই মামলাগুলির মধ্যে রয়েছে RCO102022A0002, RCO102022A0003, RCO102022A0004 এবং RCO102022A0005 নম্বর কেস। এখন হাইকোর্টের হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে তদন্তকারী সংস্থা এবং চাকরিপ্রার্থীদের এক বড় অংশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top