
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ২৬ এপ্রিল, বিশ্ব জুড়ে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাসের আক্রমণ ক্রমশ বাড়ছে। তেমনি বাড়ছে পাল্লা দিয়ে আমাদের দেশে আক্রান্তের সংখ্যা। রাজ্য প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা নিরন্তর নিদ্রাহীন চেষ্টা চালিয়ে রেখেছে করোনা ভাইরাস মোকাবিলায়। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা কে “হটস্পট” ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাই কাঁথি পৌর প্রশাসন সদা জাগ্রত করোনা মোকাবিলায়।
পৌর এলাকার আনাচে কানাচে যাতে কোনো করোনা আক্রান্ত রোগী না থাকে তার জন্য পৌরসভার উদ্যোগ্যে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ঘিঞ্জি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শুরু হয়েছে থার্মাল স্ক্রিনিং টেস্ট। আট থেকে আশি বয়সি সকলকেই সম্মুখীন হতে হচ্ছে এই টেস্টের। ডাক্তার, পৌর প্রতিনিধি থেকে শুরু করে আশা কর্মীরা এই কর্মকান্ডে সামিল হয়েছে। লিপিবদ্ধ করা হচ্ছে প্রত্যেকের শরীরের তাপমাত্রা। স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকলেই সাথে সাথে ডাক্তারি পরামর্শের কথাও বলা হচ্ছে।এক কথায় যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমেছে কাঁথি পৌরসভা।



















