কলকাতায় ফের শীতের কামড়, তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রির ঘরে; সপ্তাহের মাঝামাঝি আরও ঠান্ডার ইঙ্গিত

কলকাতায় ফের শীতের কামড়, তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রির ঘরে; সপ্তাহের মাঝামাঝি আরও ঠান্ডার ইঙ্গিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – প্রায় ছ’দিন পর শনিবার কলকাতার তাপমাত্রা ফের ১৩ ডিগ্রির ঘরে পৌঁছেছে। চলতি ডিসেম্বর মাসে গত এক দশকের মধ্যে মহানগরে শীতের অন্যতম নীচের রেকর্ড তৈরি হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ—দুই তাপমাত্রাই কমে যাওয়ায় দিনভর কনকনে শীত অনুভব করেছেন শহরবাসী।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এই স্বস্তি খুব দীর্ঘস্থায়ী নয়। পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে আবার পারদ নামতে শুরু করবে। পশ্চিমি ঝঞ্ঝা দুর্বল হলে উত্তুরে হাওয়া ফের দক্ষিণবঙ্গে ঢুকবে। তার আগের দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়লেও সপ্তাহের মাঝামাঝি ফের শীত জাঁকিয়ে বসার সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের মধ্যেই। তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। ফলে দুপুরেও শীতের অনুভূতি বজায় ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সোমবারও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে পারদ নামতে শুরু করবে এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের শীতের আমেজ স্পষ্ট হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি কলকাতা ও আশপাশের জেলায় তাপমাত্রা আবার ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে।
শনিবার পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘর ছাড়ালেও ব্যতিক্রম ছিল বহরমপুর ও শ্রীনিকেতন। বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.২ ডিগ্রি এবং শ্রীনিকেতনে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাজ্যের জেলাগুলিতেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী দুই-তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। তবে সপ্তাহের মাঝামাঝি ফের তাপমাত্রা পতনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া অফিস জানাচ্ছে, ওড়িশার উপকূলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে জলীয় বাষ্প ঢুকবে এবং দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বাড়বে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও শীতের দাপট বজায় থাকবে। রবিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দার্জিলিং জেলা ও পার্বত্য এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যান্য পার্বত্য জেলা ও উপরের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top