রাজ্য – বিদায় বেলায় কলকাতার শীতের পারদ আরও একবার ১৪ ডিগ্রিতে নামতে পারে। উত্তুরে হাওয়ায় দাপটে কমতে শুরু করবে পারদ। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। সঙ্গে দক্ষিণের প্রায় সব জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে ফের শীতের আমেজ বাড়বে। স্বাভাবিকের নিচে নামবে দিন ও রাতের তাপমাত্রা। রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের শহর ও গ্রামে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে পারদ থাকবে। কলকাতায় সকাল ও রাতে শীত অনুভূত হবে। সপ্তাহান্তে পারদ নামবে ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি, গতকালের সর্বোচ্চ ছিল ২৬.৪ ডিগ্রি।
পারা পতনের সঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার সম্ভাবনা বেশি।
অন্যদিকে আজ ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। তিন জেলায় কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নামতে পারে। বাকি সব জেলায় কিছু এলাকায় হালকা-মাঝারি কুয়াশা থাকবে। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় পারদ থাকবে ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে। নিচের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।




















