রাজ্য – রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে, অপেক্ষা কেবল নির্ঘণ্ট ঘোষণার। সেই প্রেক্ষিতে রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছেছেন। তিনদিনের এই সফরে বিভিন্ন প্রশাসনিক বৈঠক, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এবং নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনা করা হবে। জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে।
সোমবার সকাল ১০টায় স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে। ৩০ মিনিটের বিরতির পর দুপুর ১২টা ৩০ থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কমিশনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। ১২টা ৪৫ থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ১২টা ৫৫ থেকে ১টা ১৫ পর্যন্ত কমিশনের পক্ষ থেকে উদ্বোধনী বক্তব্য দেওয়া হবে। এরপর দুপুর ১টা ১৫ থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ আধিকারিক, আইজি, ডিআইজি রেঞ্জ, পুলিশ কমিশনার, জেলা নির্বাচন আধিকারিক এবং এসএসপি-এসপি পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। দুপুর ২টা ১৫ থেকে ৩টা ১৫ পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি থাকবে এবং এরপর ৩টা ১৫ মিনিট থেকে বৈঠক আবার শুরু হবে।
এদিকে, কলকাতায় আসার সঙ্গে সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের ফুল বেঞ্চের কনভয় লক্ষ্য করে বিক্ষোভে মুখর হয়েছেন কিছু রাজনৈতিক কর্মী সমর্থক। রবিবার রাতে বিমানবন্দরে ‘কালো পতাকা’ দেখানো হয় এবং ‘Go Back’ স্লোগান ওঠে। সোমবার সকালেই কালীঘাট মন্দিরের বাইরে বিক্ষোভকারীরা জমায়েত হয়। জ্ঞানেশ কুমারের গাড়ি মন্দিরে পৌঁছলে স্লোগান ও কালো পতাকার মধ্যেই উত্তেজনা ছড়ায়। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও উপস্থিত ছিলেন। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে তিনি বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও বলেন, “মা কালী সবার ভালো করুন, ভাল রাখুন।”
এসআইআর ইস্যুতে নাম বাদের অভিযোগ এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও কেন নাম ডিলিট হচ্ছে, সেই প্রশ্নও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরে বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ উগরে দিয়েছে।



















