কলকাতা – কলকাতার ইতিহাসে প্রথমবার বাংলায় বিল্ডিং প্ল্যান অনুমোদন করল পুরসভা। ১৬/১ বোস পুকুর রোডের প্ল্যানই প্রথম বাংলায় অনুমোদিত হয়েছে। এখন থেকে যারা বাংলায় প্ল্যান জমা দেবেন, তাঁরা বাংলায় অনুমোদন পাবেন। আর যারা ইংরেজিতে দেবেন, তাঁদের ক্ষেত্রে ইংরেজিতেই অনুমোদন করা হবে। বাংলা ভাষায় দোকানের সাইনবোর্ড বাধ্যতামূলক করার পর এবার আরও একধাপ এগোল কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি কাজে বাংলা ব্যবহারের ওপর জোর দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আমরা নোটিফিকেশন জারি করেছি।”
কালীপুজোর পর ট্রেড লাইসেন্স সংক্রান্ত পদক্ষেপের কথাও জানান মেয়র। তিনি বলেন, “কালীপুজোর পর লাইসেন্স ক্যান্সেল করব, পরে আবার চালু করব।” এদিন গুলশান কলোনীতে রাতভর সংঘর্ষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেয়র বলেন, “ঘটনাটি আমার জানা নেই। এটা আমার বলার বিষয় নয়।”
ডেঙ্গি পরিস্থিতি নিয়েও সতর্ক করলেন মেয়র। তিনি জানান, বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৯ জনে, যা আগে ছিল ৩৭০। বর্ষা কমে যাওয়ায় ডেঙ্গি ফের বাড়ছে বলে সতর্ক করে তিনি বলেন, “এখন আরও প্রচার করতে হবে, ৭ দিন টানা ভিজিট করতে হবে। মানুষ সচেতন না হলে এই রোগ বাড়তেই থাকবে।”
রাজনৈতিক প্রসঙ্গেও মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, “বিজেপি আগুন নিয়ে খেলছে। বাঙালি যেমন ব্রিটিশদের তাড়াতে পেরেছিল, তেমনই বিজেপিকেও তাড়াতে পারবে।” পুর দুর্নীতি নিয়ে তিনি বলেন, “সব মামলার একটা ডেডলাইন দরকার। আদালত নির্দেশ দিক, শুধু তারিখে তারিখ না দিয়ে। রাজীব গান্ধী মারা যাওয়ার পর নির্দোষ প্রমাণিত হতে কত বছর লেগে গেল।”
অন্যদিকে পুজোর আগে শহরের রাস্তা সংস্কারের আশ্বাস দেন মেয়র। তিনি ঘোষণা করেন, আগামী ১৯ সেপ্টেম্বর তিনি নিজে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে রাস্তা মেরামতির কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখবেন।




















