
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২৫শে জুন : গ্রেফতার চার জামাত উল মুজাহিদীন বাংলাদেশ এর জঙ্গি। তাদের গ্রেফতার করলো কলকাতা পুলিশের STF। দুই জনকে শিয়ালদা, বাকি দুজনকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিন জন বাংলাদেশ এবং এক জন বীরভূমের বাসিন্দা। শিয়ালদা থেকে গ্রেফতার হওয়া দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে হাওড়া স্টেশনে থাকা বাকি দুই জঙ্গির খোঁজ পায় কলকাতা পুলিশ। তারপর হাওড়া স্টেশনে হানা দিয়ে অপর দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশে গ্রেফতারি এড়াতেই ভারতে আশ্রয় নিয়েছিল এরা। এদের এখানে আশ্রয় দিয়েছিলেন গ্রেফতার হওয়া বীরভূমের বাসিন্দা। ওই ব্যক্তিও জামাত উল মুজাহিদিন বাংলাদেশের সক্রিয় জঙ্গি। বাংলাদেশ থেকে এই রাজ্যে পালিয়ে আসা জঙ্গিদের আশ্রয় দিত সে।
প্রত্যেকের কাছ থেকে উদ্ধার হয়েছে জিহাদী কাগজপত্র ও জামাত উল মুজাহিদীন বাংলাদেশের একাধিক নথি। আজ ধৃতদের তোলা হবে আদালতে। এই জঙ্গিদের সঙ্গে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের যোগ থাকতে পারে বলে অনুমান কলকাতা পুলিশের। জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানার চেষ্টা করবে পুলিশ।



















