কলকাতা – ক্ষমতায় আসার পর থেকেই কলকাতা পুলিশের আধুনিকীকরণে জোর দিতে শুরু করেছে রাজ্য সরকার। লক্ষ্য, বাহিনীকে দিল্লি পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর সমতুল্য করে গড়ে তোলা। সেই উদ্দেশ্যেই কলকাতা পুলিশের বর্তমান পরিকাঠামো, সরঞ্জাম এবং প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা।
এই কমিটির নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার তথা আইপিএস অফিসার নীলাঞ্জন বিশ্বাস। এছাড়াও কমিটিতে রাখা হয়েছে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর ছ’নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার দেবাশিস দাস-সহ মোট পাঁচজন সদস্যকে।
লালবাজার সূত্রে খবর, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য অশান্তি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি কতটা কার্যকর, তা খতিয়ে দেখাই হবে এই কমিটির প্রধান কাজ। ইতিমধ্যেই ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
মূলত দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সরঞ্জামের সঙ্গে কলকাতা পুলিশের বর্তমান সরঞ্জামের তুলনামূলক মূল্যায়নই হবে এই কমিটির অন্যতম দায়িত্ব। কোথায় কী ঘাটতি রয়েছে, কোন ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন এবং কীভাবে বাহিনীকে আরও আধুনিক করে তোলা যায়, সেই বিষয়গুলি রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে।
বুধবার কলকাতা পুলিশের সদর দফতর থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, বাহিনীর কাছে থাকা লাঠি, ঢাল, হেলমেট, বডি আর্মার, অস্ত্র, রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং জলকামানের মজুত খতিয়ে দেখতে হবে। কোন এলাকায় কত সরঞ্জাম রয়েছে এবং সেগুলির বর্তমান অবস্থা কী, তাও পর্যালোচনা করা হবে।
দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মতো উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম এবং দ্রুত পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা কলকাতা পুলিশের মধ্যেও গড়ে তুলতে চাইছে প্রশাসন। সেই কারণেই বাহিনীর আধুনিকীকরণে জোর দেওয়া হচ্ছে বলে মনে করছে প্রশাসনিক মহল।
সম্প্রতি পার্ক সার্কাস এলাকায় তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ওই ঘটনায় কয়েকশো মানুষের জমায়েত ঘিরে ব্যাপক অশান্তি তৈরি হয়েছিল। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকেও নামানো হয়েছিল।
প্রশাসনের একাংশের মতে, ভবিষ্যতে পার্ক সার্কাসের মতো পরিস্থিতি আরও দ্রুত এবং দক্ষতার সঙ্গে মোকাবিলা করতেই আগেভাগে বাহিনীর প্রস্তুতি বাড়াতে চাইছে লালবাজার। সেই লক্ষ্যেই কলকাতা পুলিশকে আধুনিক সরঞ্জাম এবং উন্নত পরিকাঠামোয় সজ্জিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।




















