বিনোদন – অনুষ্ঠান করতে এসে ফের বিতর্কে জড়ালেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার। খোদ কলকাতা পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। ‘খারাপ ইশারা’ করার অভিযোগ এনে পুলিশের আচরণে আপত্তি জানান গায়ক। এই ঘটনার পর মঞ্চ থেকেই প্রতিবাদে সরব হন তিনি।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে শিলাজিতের অনুষ্ঠানে। রাত ১১টা বাজতেই গায়ককে অনুষ্ঠান শেষ করে মঞ্চ ছাড়তে বলা হয় বলে জানা যায়। তবে তাঁর অভিযোগ, যেভাবে হাতের ইশারা করে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল, তা অসম্মানজনক মনে হয়েছে। এই ঘটনার পরই তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চ থেকেই পুলিশের উদ্দেশে প্রতিবাদ জানাচ্ছেন শিলাজিৎ। তিনি বলেন, তাঁকে এভাবে অসম্মান করা যায় না। তাঁর দাবি, অর্গানাইজারদের তরফে জানানো হয়েছিল অনুষ্ঠান রাত ১১টা পর্যন্ত অনুমোদিত। তিনি আরও বলেন, সময় শেষ হলে বিনয়ের সঙ্গে জানালে গান থামিয়ে দিতেন, কিন্তু ইশারা করে নামিয়ে দেওয়ার ধরন ঠিক হয়নি।
গায়ক জানান, তিনি প্রায় ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গে গান করছেন এবং উপস্থিত দর্শকদের অধিকাংশই তাঁকে চেনেন। কটাক্ষ করে তিনি বলেন, সামনে নির্বাচন আছে, তখন রাজনৈতিক দলগুলো ফাঁকি দিলে পুলিশ কী ভূমিকা নেয়, তা দেখা হবে।
এই ঘটনায় উপস্থিত দর্শক ও নেটিজেনদের একাংশ শিলাজিতের পাশে দাঁড়িয়েছেন। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া গেলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।




















