কলকাতা-হাওড়ার ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা-হাওড়ার ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রোধে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন আইনজীবী আকাশ শর্মা, যিনি রাজ্য সরকারের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন। মামলাকারীর অভিযোগ, দিনের পর দিন কলকাতা ও হাওড়ার বাতাসের গুণগত মান আশঙ্কাজনকভাবে নিচের দিকে নামছে। নির্ধারিত ন্যূনতম মানের তুলনায় অনেক বেশি মাত্রায় দূষণ বাতাসে বিরাজ করছে, যার ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
আকাশ শর্মা তাঁর আবেদনের সঙ্গে নথি হিসেবে ২ জানুয়ারি ২০২৬ তারিখের রিয়েল-টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন। ওই তথ্য অনুযায়ী, একাধিক এলাকায় বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। মামলায় আরও বলা হয়েছে, দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন নির্দেশিকা ও পরিকল্পনা থাকলেও বাস্তবে তা যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে না। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ থেকে উড়ে আসা ধুলো এবং শিল্প দূষণ—সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।
মামলাকারীর দাবি, এই অবস্থায় নজরদারি বাড়ানো, দূষণকারী উৎসগুলির উপর কড়া ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ জরুরি। এই জনস্বার্থ মামলা গ্রহণ হলে রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ নীতি এবং বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top