পশ্চিম বর্ধমান – কাকসা থানার গোপালপুরে নার্স মন্দিরা পালের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। মৃত মন্দিরা পল মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বুধবার রাতে বহুতল আবাসনের নিচ থেকে বছর ২৪-এর ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মন্দিরা পালের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরের লোহারপাড়ায়। তিনি মলানদিঘির বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন। বুধবার রাতে স্থানীয়রা বহুতলের নিচে মন্দিরার দেহ পড়ে থাকতে দেখেন, যা নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। মৃতের আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ইতিমধ্যেই মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অন্যদিকে, মৃত নার্সের পরিবার ও সহকর্মীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। গোটা এলাকা জুড়ে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।




















