রাজ্য় – কাজ করতে হবে, দায়িত্বে ফাঁকি দিলে কড়া পদক্ষেপ করা হবে। পুরুলিয়ায় গিয়ে প্রশাসনিক আধিকারিকদের এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, দপ্তরের কাজ না করে কেউ রাজনীতি করলে সংশ্লিষ্ট আমলাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জেলার উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি।
শুক্রবার পুরুলিয়ায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পঞ্চায়েতমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউড়ি। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কাজকর্ম নিয়ে আলোচনা হয়।
জেলাস্তরের আধিকারিকদের কাজের গতি নিয়ে এদিন প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। একইভাবে জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউড়িও। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের একাধিক কাজে অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়া পিছিয়ে রয়েছে বলে যে তথ্য সামনে এসেছে, তা নিয়েই মূলত অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।
জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, মন্ত্রীদের সামনেই তিনি জানাচ্ছেন যে তাঁর লোকসভা নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি নিয়মিত এলাকায় ঘুরবেন। কোথাও কোনও কাজ আটকে থাকলে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখবেন। তাঁর কথায়, কাজ না করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই হবে।
পাশাপাশি আধিকারিকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে জ্যোতির্ময় বলেন, কেউ যদি মনে করেন পুরুলিয়াকে ‘পানিশমেন্ট পোস্টিং’ হিসেবে নিয়ে কাজ না করে পরে কলকাতা বা পার্শ্ববর্তী জেলায় বদলি হয়ে চলে যাবেন, তা ভাবার কোনও কারণ নেই। এমন পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনে কোচবিহার বা দার্জিলিংয়ে বদলি করার কথাও বলেন তিনি।
পুরুলিয়ার উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করা এবং প্রশাসনিক কাজে গতি আনার উপরই জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। দপ্তরের দায়িত্বে থেকে কাজের পরিবর্তে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।




















